যশোরে ২৪ ঘণ্টায় ২০০টি করোনা পরীক্ষা সম্ভব
যশোর অফিস
৩০ মার্চ ২০২০
সারা দেশে যখন করোনাভাইরাস পরীক্ষায় পরীক্ষার আধুনিক যন্ত্র, উচ্চ মানের গবেষণাগার ও দক্ষ লোকবল সংকটের কথা বলা হচ্ছে, যশোরে তখন ২৪ ঘণ্টায় ২০০টি করোনা পরীক্ষার সক্ষমতার কথা শোনাল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) কর্তৃপক্ষ। যবিপ্রবির জিনোম সেন্টার গবেষণাগারটি করোনা পরীক্ষার মানসম্পন্ন দাবি করে কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা পরীক্ষার প্রয়োজনীয় যন্ত্রপাতি ও দক্ষ লোকবল তাদের রয়েছে। যেকোনো মুহূর্তে পরীক্ষার কিট ও নমুনা সরবরাহ করলেই এক দিনেই শনাক্তের ফলাফল জানানো যাবে।ইতিমধ্যে যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীনের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল গবেষণাগারটি পরিদর্শন করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) কর্মকর্তাদের অবহিত করেছেন। যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফকে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
যবিপ্রবি কর্তৃপক্ষ জানায়, করোনাভাইরাস পরীক্ষার জন্য সরকারি বিভিন্ন স্থানে গবেষণাগার (ল্যাব) স্থাপনের কাজ করছে। সেখানে গবেষণার জন্য যন্ত্রপাতিও কেনা হচ্ছে। অথচ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে গবেষণার জন্য আগে থেকেই অত্যাধুনিক যন্ত্র ও দক্ষ লোকবল থাকায় সরকার চাইলে এখানে যেকোনো মুহূর্তে করোনাভাইরাস পরীক্ষা করার সুযোগ রয়েছে।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অণুজীব বিজ্ঞানী মো. আনোয়ার হোসেন আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে প্রথম আলোকে বলেন, ‘শুধু করোনাভাইরাস নয়, এর চেয়েও ক্রিটিক্যাল (জটিল) ভাইরাস পরীক্ষা করার জন্য বিশ্বমানের অত্যাধুনিক যন্ত্র ও দক্ষ লোকবল রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে। সরকার চাইলে যেকোনো মুহূর্তে আমাদের ল্যাবে করোনাভাইরাস পরীক্ষা করা যাবে। ২৪ ঘণ্টায় ২০০টি করোনাভাইরাসের নমুনা শনাক্ত করার সক্ষমতা আমাদের রয়েছে। এর জন্য পরীক্ষার প্রয়োজনীয় কিট ও নমুনা সরবরাহ করলেই হবে।



